গ্রামে তিন বছর বিনামূল্যে ইন্টানেট দেবে বিটিসিএল
শুধু নগরে নয়, হাওর-বাওড় ও পাহাড়ি এলাকায় ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিটিসিএলকে এই নিদের্শনা দিয়েছেন তিনি।
এদিকে নির্দেশনা পালনে গ্রামের মানুষের জন্য তারহীন উচ্চ গতির ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড। এ জন্য ১৬০০ ইউনিয়নের প্রতিটিতে গড়ে ৮টি করে হটস্পট স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বাস্তবায়নের পরের ৩ বছর বিনামূল্যে ইন্টারনেট সেবাও পাবেন গ্রামের প্রান্তিক মানুষ।
মঙ্গলবার ফেসবুক লাইভে এই তথ্য জানান বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন।
পৌনে এক ঘণ্টা ধরে গ্রাহকের মুখোমুখি হয়ে তাদের অভিযোগ, মতামত এবং পরামর্শ শুনেন তিনি।
লাইভে বারবার ঘরে ফিরে আসে বিটিসিএল এর জিপন সেবার বিষয়। এ বিষয়ে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক জানান, আগামী জুনের মধ্যে ২২ জেলায় জিপন সেবা চালু করা হবে। একইসঙ্গে বিটিসিএল এর ল্যান্ডলাইন সংযোগ ছাড়াই এই সেবা চালুর উদ্যোগ নেয়া হচ্ছে।
অভিযোগের পাশাপাশি লাইভে কেউ কেউ বিটিসিএল এর ঘুড়ে দাঁড়ানোকে স্বাগত জানান। আর যারা অভিযোগ করেও সেবা পাননি তাদের কাছে ক্ষমা চেয়ে দ্রুত সমস্য সমাধানের প্রতিশ্রুতি দেন বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। তুলে ধরেন তাদের নতুন সেবা চালুর বিষয়।
এসময় তিনি জানান, শিগগিরি অ্যাপ ভিত্তিক কলিংসেবা ‘আলাপ’ উন্মুক্ত করবে বিটিসিএল।
অনলাইন অভিযোগের ৯৯ শতাংশই সমাধান করা হয়েছে বলে জানিয়েছেন ড. রফিকুল মতিন।